Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে আগামীকাল এনসিপির কৃষক সমাবেশ, নাহিদ ইসলাম সহ কে কে থাকছেন এই সমাবেশে উপস্থিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৬:৩৩ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি:

আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কৃষক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকেল ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। "দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।

এ সময় কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জাতীয় উন্নয়নে কৃষির গুরুত্ব তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতি কামনা করা হয়।


Post a Comment

0 Comments