👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৬:০৪ পিএম
বিশেষ প্রতিনিধি | মোঃ রুবেল হোসেন
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মো. মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের সন্তান ও বর্তমানে মালয়েশিয়া প্রবাসী মো. মমিনুল ইসলামকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এর আগে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা এবং সংগঠনের প্রতি ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় কমিটি তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে।
মমিনুল ইসলামের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির খবরে নাগেশ্বরী উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা বলেন, “মমিনুল ইসলাম সবসময় সংগঠনের স্বার্থে কাজ করেছেন। জেলা পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে কেন্দ্রীয় পর্যায়েও সফলভাবে দায়িত্ব পালনে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।”
নবনিযুক্ত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম বলেন, “আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সংগঠনের আদর্শ বাস্তবায়ন, আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনের কার্যক্রম তুলে ধরা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “প্রবাসে অবস্থান করলেও সংগঠনের কার্যক্রমে আমার সম্পৃক্ততা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে, মমিনুল ইসলামকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করায় নাগেশ্বরী উপজেলার নেতাকর্মীরা কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মো. মুনতাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি নবগঠিত কেন্দ্রীয় কমিটির সার্বিক সফলতা কামনা করেছেন তারা।

0 Comments