👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৮:৫৫ পিএম
ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিং ব্যবসার আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে মো. আলাল হোসেন (পিতা: জহুর উদ্দিন) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া আলাল হোসেন উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে একটি ছোট দোকান পরিচালনার পাশাপাশি বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে অর্থ লেনদেন ও রিচার্জের কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর শনিবার (১৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযানের সময় আলালের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন, একাধিক মোবাইল সিম এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নতুন জুয়া আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “নতুন জুয়া আইন কার্যকরের ফলে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীকে মাদক, চোরাচালান ও জুয়ার অপতৎপরতা থেকে মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, “জুয়া, মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধ অনলাইন জুয়া, অর্থপাচার বা অন্য কোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।”

0 Comments