👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৯:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোরশেদ আলম কুড়িগ্রাম পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন ডা. ইউনুস।
ফেসবুক পোস্টে ডা. ইউনুস জানান, তিনি ব্যক্তিগতভাবে মোরশেদ আলমকে চিনতেন না। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক নাজির হোসেন মাস্টারের অনুরোধে বিষয়টি সম্পর্কে অবগত হন। নাজির হোসেন তাকে জানান, মোরশেদ আলম তার ছাত্র এবং তিনি কারমাইকেল কলেজ থেকে গণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ভাইভা উপলক্ষে তিনি সহযোগিতার অনুরোধ জানান।
ডা. ইউনুস তার পোস্টে উল্লেখ করেন, অনুরোধ পাওয়ার পর তিনি দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তারা ইতিবাচক আশ্বাস দেন। পরে মোরশেদ আলম ফোন করে তাকে জানান, "আলহামদুলিল্লাহ স্যার, আমার চাকরিটা হয়ে গেছে।"
তিনি আরও লেখেন, মোরশেদের এই সাফল্যে তিনি আনন্দিত এবং তাকে তার মেধার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
ডা. ইউনুস তার পোস্টে নাজির হোসেন মাস্টারকে একটি ফলপ্রসূ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এছাড়া সহযোগিতাকারী দুই ব্যক্তির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের বর্তমান পরিবেশের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি মোরশেদ আলম ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

0 Comments