👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৬:৪৯ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বুদ্ধির মোড় এলাকার অসহায় সরবালা ও ভরসা দম্পতির দুর্দশার খবর নাগেশ্বরীর আপডেট নিউজে প্রচারের পর তাঁদের পাশে দাঁড়িয়েছেন দুই ব্যক্তি। তাঁদের আর্থিক ও মানবিক সহযোগিতায় কিছুটা আশার আলো দেখছেন এই অসহায় দম্পতি।
জানা যায়, সরবালা ও ভরসা দম্পতির নিজস্ব কোনো বসতভিটা নেই। মাথা গোঁজার ঠাঁইটুকুও তাঁদের নেই। শুভাষ নামের এক ব্যক্তি আপাতত অস্থায়ীভাবে বসবাসের জন্য তাঁদের সামান্য জায়গা দিয়েছেন। সেখানে কোনোমতে একটি ঘর তৈরি করে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
গত ১১ তারিখ বৃহস্পতিবার তাঁদের অসহায়ত্ব ও দুর্দশার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করে নাগেশ্বরীর আপডেট নিউজ। সংবাদটি প্রচারের পর বিষয়টি নজরে আসে দুই সহৃদয় ব্যক্তির। তাঁরা দম্পতির পাশে দাঁড়িয়ে আর্থিক ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সহযোগিতাকারী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সরবালা ও ভরসা দম্পতির হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। পাশাপাশি তাঁদের থাকার উপযোগী জায়গার ব্যবস্থা হলে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে, নাগেশ্বরী মহিলা কলেজের একজন অধ্যাপক নিজের নাম প্রকাশ না করে ওই দম্পতির জন্য তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী কিনে দেন। পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের আর্থিকভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সংবাদ প্রকাশের পর অসহায় দম্পতির পাশে দাঁড়ানোয় সহযোগিতাকারী দুই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের এই মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
নাগেশ্বরীর আপডেট নিউজ সব সময় অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে এবং মানবিক উদ্যোগগুলোকে সবার সামনে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

0 Comments