👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
নিজস্ প্রতিবেদকঃ নাগেশ্বরীর আপডেট নিউজ
"ক্ষুধার জ্বালা কী জিনিস, তা হাড়ের ভেতর টের পেয়েছি। অটোরিকশার ভাড়াও ছিল না অনেক দিন, হেঁটে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। কিন্তু হাল ছাড়িনি।" — বিশাল সরকার কৌশিক
কুয়াশায় মোড়ানো কুড়িগ্রামের এক জীর্ণ কুটির। টিনের চালে হাজারো ফুটো, আর চারপাশ ঘিরে রয়েছে বাঁশঝাড়ের ছায়া। সেই ঘরের চালের নিচ থেকেই এবার উড়েছে সফলতার এক অসম্ভব সুন্দর পতাকা। অভাব, ঋণ আর শত বঞ্চনাকে বুড়ো আঙুল দেখিয়ে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞানের সব বিষয়ে এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছেন বিশাল সরকার কৌশিক।
তবে এই সাফল্যের পেছনে কোনো রূপকথার গল্প নেই, আছে রক্ত-মাংসের এক তরুণের দীর্ঘ ও নিদারুণ সংগ্রামের জীবন্ত ইতিহাস।
অভাবের সাথে নিত্যদিনের লড়াই
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের পাশে অন্যের জমিতে কোনোমতে মাথা গুঁজে আছে কৌশিকদের পরিবার। নেই এক টুকরো নিজস্ব ভিটেমাটি। মা কণা রানী একটি কিন্ডারগার্টেন স্কুলের সামান্য আয়ে সংসার টানার চেষ্টা করেন। আর বাবা সুকুমার সরকার অসুস্থ শরীর নিয়েও সপ্তাহের দুই হাটবারে খোলা আকাশের নিচে ছোট একটি টি-স্টল চালিয়ে কোনোমতে পেটে-ভাতে দিন পার করেন।
পরিবারের এই নুন আনতে পান্তা ফুরানোর সংসারে নিত্যসঙ্গী হয়েছে ঋণের বোঝা। কিস্তির চাপে জর্জরিত পরিবারটি আজ কোণঠাসা। এসবেও দমে যাননি কৌশিক। নবম শ্রেণি পর্যন্ত অর্থাভাবে কোনো প্রাইভেট পড়ার সুযোগ হয়নি। বন্ধুর দেওয়া পুরোনো প্যান্ট আর জুতো পরেই শুরু হয়েছিল তাঁর স্কুলজীবন।
হোটেল বয় থেকে ক্লাসের সেরা
পড়াশোনার খরচ জোগাতে বন্ধুদের মতো খেলার মাঠে সময় কাটেনি কৌশিকের। দিনের বেলা পড়াশোনা আর পেটের টানে হোটেলের টেবিলে খাবার পরিবেশন করা—এটাই ছিল তাঁর দৈনন্দিন রুটিন। কখনো না খেয়ে কাটিয়েছেন পুরো দিন। তবুও বইয়ের পাতা থেকে চোখ সলকাননি এই মেধাবী তরুণ।
কৌশিকের এই অদম্য জেদ দেখে কুড়িগ্রামের কিছু মানবিক শিক্ষক এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা সহায়তার হাত বাড়িয়ে দেন। বিনা মূল্যে টিউশনি আর প্রবাসীর সামান্য সাহায্যে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে বাজিমাত করার পর, এবার কুড়িগ্রাম সরকারি কলেজ থেকেও বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ ছিনিয়ে এনেছেন তিনি।
চিকিৎসকের স্বপ্ন ও একরাশ শঙ্কা
ছোট ভাইয়ের এই অভাবনীয় সাফল্যে আনন্দ যেমন রয়েছে, তেমনি বড় ভাই কর্ণ সরকার ও মা কণা রানীর চোখে রয়েছে অজানা আশঙ্কা—আগামী দিনে কীভাবে চলবে কৌশিকের মেডিকেলে পড়ার খরচ?
চিকিৎসক হয়ে মানুষের সেবা করার যে স্বপ্ন কৌশিক বুনেছেন, তা আজ থমকে যাওয়ার উপক্রম হয়েছে চরম আর্থিক সংকটে। এক ফোঁটা আলোর আশায় থাকা এই পরিবারটি এখন তাকিয়ে আছে সমাজের বিত্তবান ও সরকারের দিকে।
অভাবের আঁধার ভেদ করে কুড়িগ্রামের এই অদম্য তরুণের ডানা মেলে দেওয়ার লড়াইয়ে আজ প্রয়োজন শুধু একটু সহযোগিতার ছোঁয়া। কৌশিকের এই সাফল্য যেন এক বার্তা—"ইচ্ছা থাকলে প্রতিকূলতার পাহাড়ও জয় করা সম্ভব।"

0 Comments