👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
ছিনতাই হওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার, জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত
ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহিদুল আলমের ছেলে মো. শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। মামলার তদন্তের একপর্যায়ে দুইজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার সূত্রপাত গত ১৯ অক্টোবর রাতে। ওই দিন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। দোকানের কার্যক্রম শেষ করে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁকে অচেতন পড়ে থাকতে দেখেন।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া বাকি টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের প্রতিদিনই নগদ অর্থ বহন করতে হয়। বিশেষ করে রাতে বাড়ি ফেরার সময় তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি আহত ব্যবসায়ী নুর মোহাম্মদের ছিনতাই হওয়া টাকা ও বাকি মালামাল উদ্ধারের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

0 Comments