Ticker

6/recent/ticker-posts

দেশের বাইরে মাসুদ, তাঁর পক্ষ থেকে পূজামণ্ডপ পরিদর্শন


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ৯:০৮ পিএম


নাগেশ্বরী  প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদের পক্ষ থেকে তাঁর নেতাকর্মীরা। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেল পাঁচটা থেকে  নাগেশ্বরী পৌরসভার বিভিন্ন এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। নাগেশ্বরী কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে পশ্চিম পাড়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দিরসহ মোট আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।

মাসুদুর রহমান মাসুদ বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতে পরিদর্শনে নেতৃত্ব দেন নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবশক্তির সাংগঠনিক সম্পাদক আহমাদুল, পৌরসভা যুবশক্তির সদস্যসচিব নাঈম মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, “আমরা শুধু মন্দির ঘুরে বেড়াচ্ছি না, প্রতিটি মন্দির ভালোভাবে পরিদর্শন করার চেষ্টা করছি। মাসুদ ভাই দেশের বাইরে আছেন। তাঁর অনুপস্থিতিতে আমরাই তাঁর হয়ে কাজ করছি। তিনি এখানে থাকলে হয়তো কাজগুলো আরও শক্তিশালী ও দ্রুতগতিতে করা সম্ভব হতো। এবারের দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা অনেকটা সন্তুষ্টি ও সুশৃঙ্খলভাবে পালন করছেন।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments