👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ৬:৪৪ পিএম
ডেস্ক নিউজ
শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন দিনগুলোর শেষে আজ সমাপনী সুর বেজে উঠেছে। পাঁচ দিনের আনন্দ, পূজা-অর্চনা আর উল্লাস পেরিয়ে বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। কৈলাশে স্বামীগৃহে ফিরে যাওয়ার এই ক্ষণে দেশের প্রতিটি পূজামণ্ডপে এখন বিষাদের আবহ, ভক্তদের মন ভারাক্রান্ত।
তবে দেবী বিদায়ের এই মন খারাপ করা ক্ষণেই মণ্ডপগুলো সেজে উঠেছিল অন্যরকম এক আনন্দে। সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এই সিঁদুর খেলায় দেবী দুর্গাকে বরণ ও বিদায় জানানোর পাশাপাশি বিবাহিত নারীরা একে অপরের কপালে সিঁদুর লাগিয়ে মঙ্গল কামনা করেন। লাল রঙে রাঙা মুখ আর সিঁদুর মাখা পোশাকে মণ্ডপগুলো যেন এক অন্যরকম রূপ ধারণ করে—যেখানে আনন্দের সঙ্গে মিশে থাকে বিদায়ের বেদনা।
শাস্ত্রীয় আচার অনুযায়ী, দেবীর বিসর্জনের আগে চলে নানা আনুষ্ঠানিকতা। শান্তি, সমৃদ্ধি ও অশুভ শক্তি বিনাশের কামনায় ভক্তরা দেবীর চরণে প্রার্থনা জানান। এদিকে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।
বিসর্জনের ঘাটে ঘাটে এখন একটাই ধ্বনি—‘আসছে বছর আবার হবে’। সব বিষাদ কাটিয়ে আগামী বছর দেবী আবার মর্ত্যলোকে ফিরে আসবেন, এই প্রত্যাশাতেই শেষ হলো এবছরের দুর্গোৎসবের শারদীয় আয়োজন।

0 Comments