👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক |
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতী খেড়বাড়ি এলাকার থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনকে নিয়ে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছেন নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হোসাইন ও তার বাবা আমিনুল ইসলাম চান্দু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে হোসাইনের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন।
সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন জানান, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচি রয়েছে। এ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তিনি হোসাইনের পরিবারের কাছ থেকে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করে নিয়ম অনুযায়ী চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে হোসাইনের চিকিৎসার জন্য জরুরি O+ রক্ত ও আর্থিক সহায়তার প্রয়োজন উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি নজরে আসার পর সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন মন্তব্য করে জানতে চান, হোসাইনের পরিবার থ্যালাসেমিয়া রোগীদের জন্য সমাজসেবা অফিসের সহায়তা কর্মসূচিতে আবেদন করেছে কি না। আবেদন না করে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দেন তিনি।
সমাজসেবা কর্মকর্তার এমন উদ্যোগে হোসাইনের পরিবার আশাবাদী হয়ে উঠেছে।

0 Comments