👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী কেন্দ্রীয় কবরস্থানের জায়গা জবরদখল করে ব্যক্তিস্বার্থে চলাচলের রাস্তা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় মোস্তফা জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী কেন্দ্রীয় কবরস্থানের ভেতর দিয়ে মরদেহ দাফনের সুবিধার্থে একটি নির্ধারিত চলাচলের পথ রয়েছে। অভিযোগ উঠেছে, ওই পথের সঙ্গে সংযোগ করে মোস্তফা জামান তার বাসাবাড়িতে যাতায়াতের উদ্দেশ্যে মাটি ও বালু ফেলে ইট দিয়ে একটি ব্যক্তিগত রাস্তা নির্মাণ করছেন।
সরেজমিনে দেখা যায়, কবরস্থানের সীমানা ঘেঁষে রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, কবরস্থানের জায়গা ব্যবহার করে ব্যক্তিগত চলাচলের রাস্তা নির্মাণ করা হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়তে পারে এবং কবরস্থানের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, ওয়াকফকৃত এই পবিত্র স্থানের ভেতর দিয়ে ব্যক্তিগত চলাচলের পথ উন্মুক্ত করা হলে কবরস্থানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে পথটি মাদকসেবী কিংবা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের চলাচলের সুযোগ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে কবরস্থান পরিচালনা কমিটির কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় রয়েছে। সক্রিয় তদারকির অভাবের সুযোগে রাস্তা নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী কবরস্থানের সীমানা ও জায়গা সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অনুমোদন ছাড়া রাস্তা নির্মাণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে

0 Comments