Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে স্কুলের ওয়াশরুমে ছাত্রীকে নিয়ে দরজা বন্ধ, যৌ/ন হয়রানির অভিযোগে শিক্ষক আ/ট/ক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি

বিরতির সময় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের ওয়াশরুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। সহপাঠীদের সন্দেহ হলে তারা ওয়াশরুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। পরে শিক্ষক ও ছাত্রীকে ভেতর থেকে বের হতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগের পর ওই শিক্ষককে রাতে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকেও নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনার সময় তিনি উপজেলা অফিসে ছিলেন। খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে ভুক্তভোগী ছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। পরে বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

প্রধান শিক্ষক বলেন, “ওই শিক্ষক ছাত্রীকে ওয়াশরুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে আমি বিদ্যালয়ে গিয়ে সবার সঙ্গে কথা বলি। প্রাথমিকভাবে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।”

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক বলেন, ভুক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টার কথা জানিয়েছে। তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় সরকার জানিয়েছেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের পরই ঘটনার প্রকৃত সত্যতা ও দায় নির্ধারণ হবে।

Post a Comment

0 Comments