👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৬, ৮:৫৯ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে মো. মাহাবুর (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভার কাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম জানায়, স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে পেছন থেকে অনুসরণ করে উত্যক্ত ও শ্লীলতাহানি করেন মাহাবুর। বিষয়টি স্থানীয় নাগরিকদের নজরে এলে তারা ওই যুবককে আটক করে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে আদালত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় মো. মাহাবুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

0 Comments