👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ আগষ্ট ২০২৬, ৩:০৮ পিএম
নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের প্রতিবাদে নেসকো অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তারা শহর ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে বৈষম্যের অভিযোগ তুলে দীর্ঘ লোডশেডিংয়ের বিষয়ে জানতে চান।
জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা অভিযোগ করেন, কুড়িগ্রাম শহরে তুলনামূলকভাবে বেশি সময় বিদ্যুৎ সরবরাহ থাকলেও ইউনিয়ন পর্যায়ে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের দাবি, শহরে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের চিত্র ভিন্ন।
এ সময় নেসকো কর্মকর্তারা জানান, ইউনিয়ন পর্যায়ের বিদ্যুৎ সরবরাহের বিষয়টি স্থানীয় অফিসের একক নিয়ন্ত্রণে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করেন। ফলে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত।
নেসকো কর্মকর্তারা আরও জানান, বিদ্যুৎ সংকট ও সরবরাহ ব্যবস্থাপনার বিষয়টি ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে। তাই স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের পক্ষে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব নয়।
এদিকে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা বলেন, বিদ্যুৎ জনগণের মৌলিক অধিকার। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শহর ও গ্রাম—সব এলাকায় সমানভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার ও দাবির বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

0 Comments