Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষার ফল নিয়ে আলোচনা-সমালোচনা, পুনরায় পরীক্ষার দাবি


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৯ আগষ্ট ২০২৬, ১:২২ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরীর আপডেট নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি অনেকে অভিযোগ তুলেছেন, নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাব কাজ করেছে।

সাধারণ পরীক্ষার্থীদের কয়েকজনের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্বাচিতদের মধ্যে ছাত্রদল ও বিএনপির সঙ্গে সম্পৃক্ত পরিবারের সদস্যদের সংখ্যা বেশি।

তবে পরীক্ষার ভাইভা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে এবং যোগ্যতা অর্জন করেছে, তাদেরই নির্বাচিত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় বিবেচনা করা হয়নি বলেও তারা দাবি করেন।

এদিকে ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। অনেক পরীক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। কেউ কেউ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন।

অভিযোগকারীদের ভাষ্য, নিয়োগ প্রক্রিয়ায় যদি কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব হয়ে থাকে, তাহলে তা তদন্ত করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তারা প্রকাশিত ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলো সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Post a Comment

0 Comments