কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনের বিদায়, ঘোড়ার গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন মুসল্লিরা
👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৯ আগষ্ট ২০২৬, ৭:৪৮ এএম
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
টানা ৪০ বছর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে বয়সের ভারে স্বেচ্ছায় অবসর নিলেন শুক্কুর আলী (৭০)। দীর্ঘ চার দশকের ধর্মীয় সেবাকে সম্মান জানাতে তাকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় দিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। বিদায় শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত শুক্কুর আলী দীর্ঘ ৪০ বছর ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে আসছিলেন। ফজর থেকে এশা পর্যন্ত মসজিদের ধর্মীয় কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে তিনি নিয়মিত নামাজও পড়াতেন।
দীর্ঘদিনের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর শুক্রবার তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় অসংখ্য মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। ব্যতিক্রমী এ বিদায় আয়োজনকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্যের কারণে শুক্কুর আলী স্বেচ্ছায় মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এই ভালো মনের মানুষটিকে বিদায়বেলায় বিশেষ সম্মান জানাতেই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রীও দেওয়া হয়।
স্থানীয় মুসল্লিরা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আজানের মাধ্যমে এলাকার মানুষকে নামাজের জন্য আহ্বান জানিয়েছেন শুক্কুর আলী। তার বিদায়ের মুহূর্তটি ছিল সবার জন্য আবেগঘন। ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘদিনের সেবার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

0 Comments