👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ ০ আগষ্ট ২০২৬, ১০:১২ এএম
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। এরপর মোবাইল ফোনে এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। তবে আনুষ্ঠানিকতা শেষ করে ফলাফল শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে সময় লাগছে ৮২ দিন, যা স্বাভাবিক পরিস্থিতিতে গত প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ। ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালের আগে স্বাভাবিক পরিস্থিতিতে এত দেরিতে ফল প্রকাশ হয়নি।শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০০৭ সালে লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিন পর ফল প্রকাশ করা হয়েছিল। ২০০৮ সালে মাত্র ৩২ দিনে, ২০০৯ সালে ৫১ দিনে এবং ২০১০ সালে ৭০ দিনে ফল প্রকাশ হয়। এরপর ২০১১ সালে ৬৩ দিন, ২০১২ সালে ৫৩ দিন, ২০১৩ সালে ৬৫ দিন এবং ২০১৪ ও ২০১৫ সালে ৫৮ দিনে ফল প্রকাশ করা হয়েছিল।২০১৬ সালে ৬৪ দিন, ২০১৭ সালে ৬৩ দিন, ২০১৮ সালে ৬৫ দিন এবং ২০১৯ সালে ৬৯ দিনে ফল প্রকাশ করা হয়।তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ফল প্রকাশে ৯৪ দিন সময় লেগেছিল। ওই বছর ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফলে ৩১ মে ফল প্রকাশ করা হয়। বিশেষ পরিস্থিতির কারণে ২০২০ সালের সময়কে স্বাভাবিক সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে না।২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাস ও কম বিষয়ে পরীক্ষা নেওয়ায় মাত্র ৩৭ দিনে ফল প্রকাশ করা হয়। ২০২২ সালে ৫৮ দিন, ২০২৩ ও ২০২৪ সালে ৬১ দিন এবং ২০২৫ সালে ৫৮ দিনে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।চলতি বছর ২০ মে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। এর ৮২ দিন পর আজ ১০ আগস্ট ফল প্রকাশ করা হচ্ছে। ফলে স্বাভাবিক পরিস্থিতিতে গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি সময় লাগছে ফল প্রকাশে।পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণির ভর্তিপ্রচলিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে জুলাই থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা। কিন্তু এবার আগস্টে এসএসসি ফল প্রকাশ হওয়ায় পুরো শিক্ষাব্যবস্থায় সময়ের চাপ তৈরি হয়েছে।ফল প্রকাশের পর কলেজে ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রম শেষ করতেও আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ফলে একাদশ শ্রেণির ক্লাস শুরুও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।সংশ্লিষ্টদের ধারণা, ভর্তি কার্যক্রম শেষ হতে সময় লাগলে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস অক্টোবরের দিকে শুরু হতে পারে। এতে শিক্ষার্থীরা প্রায় তিন মাসের মতো সেশনজটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।সব মিলিয়ে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ শুধু দেরিতেই নয়, এর প্রভাব পড়তে পারে পরবর্তী শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচিতেও।

0 Comments