Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে মাদকাসক্ত যুবকের তাণ্ডব: নিজ ঘরে আগুন, অস্ত্র হাতে এলাকায় আতঙ্ক


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৫:২৮ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারি গ্রামে এক যুবকের বিরুদ্ধে নিজ বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে তার তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কেউ তার কাছে যেতে সাহস পাননি। এমনকি তার স্ত্রী, মা ও বোনও তার কাছাকাছি যেতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পৌরসভার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম (মৃত আনোয়ার বিডিআরের ছেলে)। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে হঠাৎ করেই শামীম নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর পর দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নিয়ে আশপাশের লোকজনকে ভয়ভীতি দেখাতে থাকেন। তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, "মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments