👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ এক কুখ্যাত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হন উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি (০২ নং ওয়ার্ড) এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে মো. মনজু আলম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করলে মনজু আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করতে গেলে স্থানীয় দুই যুবকের হাতে কামড়ে রক্তাক্ত করেন তিনি। তবে পুলিশ ও বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
অভিযানকালে মনজু আলমের কাছ থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মাদকবিরোধী এ যৌথ অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0 Comments