👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৫:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হ/ত্যা মামলায় তার স্ত্রী, প্রেমিক এবং শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের নুর নাহার, তার মা ছকিনা বেগম, বাবা নুর মোহাম্মদ এবং নুর নাহারের পরকীয়া প্রেমিক গফুর।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল নুর নাহার দাওয়াত খাওয়ানোর কথা বলে স্বামী কেতাব উদ্দিনকে কৌশলে পাশের গ্রামের তার পরকীয়া প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে নুর নাহার, তার বাবা-মা এবং প্রেমিক গফুর মিলে কেতাব উদ্দিনকে হ/ত্যা করেন। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।
ঘটনার পরদিন, ১৯ এপ্রিল নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো।
দীর্ঘ প্রায় দুই দশক পর আলোচিত এ হত্যা মামলার রায়ে নিহত কেতাব উদ্দিনের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

0 Comments