Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে ব্রাজিলের হারে ভেঙে পড়লেন সমর্থক, হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৬:০০ পিএম


বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের পরাজয় ও বিদায়ের হতাশা সহ্য করতে না পেরে কুড়িগ্রামে এক সমর্থক হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অসুস্থ ওই সমর্থকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, রোববার (৫ জুলাই) গভীর রাতে অনুষ্ঠিত ব্রাজিলের ম্যাচটি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় ব্রাজিল সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন আলমগীর। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে আরও কয়েক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি আরও বলেন, খেলা দেখার সময় অতিরিক্ত আবেগ, মানসিক চাপ বা উত্তেজনা অনেক ক্ষেত্রে হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই যাদের আগে থেকেই হৃদরোগ বা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাদের এ ধরনের পরিস্থিতিতে সংযত থাকা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।

Post a Comment

0 Comments