👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৫:৪২ পিএম
নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্কঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে এক মুদি দোকান থেকে প্রতারণামূলকভাবে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে পৌরসভার চামটার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, বিকেল ৪টা ১৪ মিনিটে দোকান মালিকের ছোট ছেলে একা দোকানে বসে ছিল। এ সময় লাল-কালো রঙের একটি পালসার মোটরসাইকেলে করে এক অজ্ঞাত ব্যক্তি দোকানের সামনে এসে এক প্যাকেট গোল্ডলিফ সিগারেট চান। শিশুটি সরল বিশ্বাসে সিগারেটটি দিলে ওই ব্যক্তি কোনো টাকা না দিয়ে নিজেকে ডিবি পুলিশের লোক হিসেবে পরিচয় দেয় এবং বলে, “তোমার আব্বুকে বলিও, গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়ে গেছে।” এরপর দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। তারা অপরিচিত কেউ সরকারি কর্মকর্তা বা পুলিশ পরিচয় দিলে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ ওই ব্যক্তি বা তার ব্যবহৃত মোটরসাইকেল সম্পর্কে তথ্য জানলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত দোকান মালিকের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments