👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
বরগুনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিরল এক কৃতিত্ব দেখিয়েছে একই পরিবারের তিন বোন। সদ্য প্রকাশিত ফলাফলে তারা তিনজনই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় ও পুরো জেলায় প্রশংসার পাত্র হয়েছে।
জানা গেছে, তিন বোন অন্বেষা হালদার, অঙ্কিতা হালদার ও অনুষ্কা হালদার বরগুনা সদর উপজেলার মনসাতলী গ্রামের বাসিন্দা। তারা গৌরীচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং একই পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ওই বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ জন বৃত্তি লাভ করে। সাতজন ট্যালেন্টপুলে এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তবে একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনাই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।
তিন বোনের বাবা একজন শিক্ষক এবং মা-ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার ও শিক্ষকদের নিয়মিত দিকনির্দেশনা, নিজেদের কঠোর পরিশ্রম এবং পড়াশোনার প্রতি আন্তরিকতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন তারা। ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জন করে দেশের সেবায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিন বোন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও এই সাফল্যকে বরগুনার জন্য গর্বের বলে উল্লেখ করে বলেন, এমন বিরল অর্জন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 Comments