👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে একই পরিবারের তিন বোন একসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য নজির স্থাপন করেছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের তিন কন্যা—তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান—২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। অপরদিকে তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে একই কৃতিত্ব অর্জন করে। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত ও শিষ্ট স্বভাবের। নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবোধ এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই তারা এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
তিন কন্যার এমন গৌরবময় অর্জনে তাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সন্তানের সাফল্যে গর্বিত বাবা-মা সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে কন্যাদের উত্তম জ্ঞান, নৈতিকতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।
একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের জন্যই নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

0 Comments