Ticker

6/recent/ticker-posts

অনলাইন জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেফতার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১:২৬ পিএম


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে এক কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতাকে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইন জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন অপরিচিত যুবক। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে। পরে স্থানীয় জনতার সহায়তায় কথিত চক্রের দলনেতা হিসেবে অভিযুক্ত ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিবকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির পরিচয় যাচাই করে তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা যায়। এ ছাড়া তার মুঠোফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সের অ্যাপ এবং লেনদেন-সংক্রান্ত তথ্যও পাওয়া গেছে বলে জানানো হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments