Ticker

6/recent/ticker-posts

অসহায় বাবার ভাতার টাকা মেয়ের পেটে! নাগেশ্বরীতে ৮৪ বছরের বৃদ্ধের করুণ গল্প


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ৮:১৯ পিএম


বিশেষ প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮৪ বছরের অসহায় বৃদ্ধ মানুল্লার মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সাংবাদিক সমাজ। আজ শনিবার (০৩ অক্টোবর) অসহায় এই বৃদ্ধের বাড়িতে সরেজমিনে ছুটে যান নাগেশ্বরী উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন।

​সেখানে গিয়ে তিনি মানুল্লার সার্বিক ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ মানুল্লা পূর্বে বয়স্ক ভাতার সুবিধা পেতেন। কিন্তু পরবর্তীতে তার মেয়ে তাকে ভুল বুঝিয়ে ভাতা প্রাপ্তির মোবাইল সিম কার্ডটি খুলে নিয়ে যায়, যার ফলে সরকারি অর্থ সহায়তা থেকে তিনি বঞ্চিত হয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন সমাজসেবা অফিসার জামাল হোসেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি যাচাই-বাছাই করে পুনরায় তার বয়স্ক ভাতা চালু করে দেওয়ার দৃঢ় আশ্বাস দেন।

​এর আগে অসহায় বৃদ্ধ মানুল্লার কষ্টের কথা তুলে ধরে সংবাদ প্রকাশ করে নাগেশ্বরীর সাংবাদিক সমাজ। ‘নাগেশ্বরীর আপডেট নিউজ’ সহ নাগেশ্বরী টিভি, নাগেশ্বরী পোস্ট, নাগেশ্বরী নিউজ ২৪, নিউজ টুয়েন্টি ভিলেজ, হামার নাগেশ্বরী ও নাগেশ্বরীর বার্তা-সহ স্থানীয় বিভিন্ন অনলাইন নিউজ পেজগুলোতে এই মানবেতর জীবনের খবর ছড়িয়ে পড়ে।

​অনলাইনে প্রকাশিত খবরগুলো নজরে আসার পর সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন দ্রুত নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়ার সাথে যোগাযোগ করেন এবং বৃদ্ধ মানুল্লার অবস্থান ও ঠিকানা সংগ্রহ করেন। ঠিকানা পাওয়ার পরই তিনি সরাসরি ছুটে যান অসহায় মানুল্লার দ্বারে।

​অনলাইন প্রেস ক্লাবের এই সামাজিক দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, "অনলাইন সংবাদমাধ্যমগুলোর এমন বস্তুনিষ্ঠ ও মানবিক প্রতিবেদনের কারণেই আমরা প্রান্তিক ও অসহায় মানুষের দ্বারে সহযোগিতা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি।"

​এ সময় স্থানীয় এলাকাবাসী সমাজসেবা অফিসারকে ধন্যবাদ জানান এবং বৃদ্ধ মানুল্লার স্থায়ী মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য একটি বসবাসের উপযোগী ঘর ও নিয়মিত আর্থিক সহায়তার ব্যবস্থা করতে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আকুল দৃষ্টি আকর্ষণ করেন।

Post a Comment

0 Comments