Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাসেবায় আশার আলো:


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘদিনের চিকিৎসাসংকট কাটিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিভাগে ফিরছে প্রাণের সঞ্চার। সেবার মান বাড়াতে ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে হাসপাতালটিতে যোগ দিয়েছেন ২ জন এমবিবিএস ডাক্তারসহ মোট ১০ জন নতুন জনবল। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসার পাশাপাশি সার্বিক সেবায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

​আজ শনিবার হাসপাতালটি সরজমিনে পরিদর্শনকালে এ সংক্রান্ত সুখবর নিশ্চিত করেন ডা. আতিকুর রহমান মুজাহিদ। তিনি জানান, শিশু বিভাগে চুক্তিভিত্তিক ২ জন এমবিবিএস ডাক্তার নিয়োগের মাধ্যমে জরুরি সেবার পথ সুগম করা হয়েছে। একই সাথে হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ও সার্বিক সহায়তায় যুক্ত করা হয়েছে ৫ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ৩ জন স্বেচ্ছাসেবী।

​পরিদর্শনকালে ডা. আতিকুর রহমান মুজাহিদ চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন। শিশু বিভাগের সংকট নিয়ে তিনি বলেন, “জনবল ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে এখানকার রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। নতুন এই নিয়োগের ফলে এখন থেকে শিশুরা নিয়মিত সেবা পাবে। বিশেষ করে, রাত পর্যন্ত ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে যাতে কোনো শিশু জরুরি চিকিৎসাসেবা থেকে বাদ না পড়ে।”

​হাসপাতালের পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “হাসপাতাল আমাদের সকলের আমানত। একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। যত্রতত্র পানের পিক বা ময়লা ফেলে পরিবেশ নষ্ট না করার জন্য আমি রোগী ও স্বজনদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”

​নিজের এই উদ্যোগকে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে এটিকে কুড়িগ্রামের সাধারণ মানুষের প্রতি নাগরিক দায়বদ্ধতা উল্লেখ করে তিনি আরও জানান, এলাকার মানুষের চিকিৎসাসেবার মান উন্নয়নে এ ধরনের প্রচেষ্টা আগামীতেও বজায় থাকবে।

​হাসপাতালে ২ জন ডাক্তারসহ মোট ১০ জনবল যুক্ত হওয়ায় স্বস্তি ফিরে এসেছে চিকিৎসা নিতে আসা রোগী ও শিশুদের অভিভাবকদের মাঝে। স্থানীয়দের প্রত্যাশা, এই যুগান্তকারী পদক্ষেপের ফলে কুড়িগ্রাম সদর হাসপাতালের সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে।

Post a Comment

0 Comments