Ticker

6/recent/ticker-posts

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মুজাহিদ


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয়সহ ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী ববি হাজ্জাজ, রেজা কিবরিয়া, মো. সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলী মিয়া, তাহসিনা রুশদীর, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় কুড়িগ্রাম-২ আসনের শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা ও দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে সংসদীয় কমিটিতে ভূমিকা রাখার সুযোগ পাবেন তিনি।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ এবং জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আতিকুর রহমান মুজাহিদের দায়িত্ব কুড়িগ্রামসহ দেশের শিক্ষা খাতের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments