👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৭ পিএম
নিজস্ প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার, বীজ ও কীটনাশকের সংকট নিরসন এবং বণ্টন প্রক্রিয়ায় ডিলারদের অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক মজুর গণসংহতি। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও সরকারপ্রধান বরাবর ১৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সংগঠনের নেতা সাইফুর রহমান দুলাল বলেন, "সরকারিভাবে সারের কোনো ঘাটতি না থাকলেও স্থানীয় ডিলারদের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রকৃত কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। ৫০ কেজি সারের প্রয়োজন হলে দেওয়া হচ্ছে মাত্র ১০ কেজি। মাইকিং করে সার বণ্টনের ঘোষণা দিলেও স্লিপ সংগ্রহ ও নানা অজুহাতে কৃষকদের লাইনে দাঁড় করিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘোরানো হচ্ছে।"
তিনি আরও অভিযোগ করেন, ডিলারদের গুদামে সার পাওয়া না গেলেও স্থানীয় খুচরা দোকানে ৫ কেজির সারের প্যাকেট ১৮০ থেকে ২০০ টাকায় খোলাবাজারে বিক্রি হচ্ছে। এসব সারের উৎস নিয়ে প্রশ্ন তুলে তিনি উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তদারকিতে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।
সংগঠনের অপর নেতা মাসুদ হাসান বিপ্লব কৃষকদের অধিকার আদায়ে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তিনি বলেন, ভোটার আইডি বা কোনো সুপারিশের অজুহাতে সার আটকানো যাবে না; বরং জমির পরিমাণ অনুযায়ী সারের সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি দপ্তর থেকে প্রাপ্ত সারের বরাদ্দ ও বিক্রির হিসাব প্রকাশ করা, প্রতি কেনাকাটায় বাধ্যতামূলক ক্যাশ মেমো প্রদান এবং কোনো ডিলারের সার শেষ হয়ে গেলে পাশবর্তী ডিলারের কাছ থেকে নির্ধারিত মূল্যে সার কেনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। গোডাউনে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
।

0 Comments