Ticker

6/recent/ticker-posts

ভূরুংগামারীতে যৌথ অভিযানে ২১৫০ কেজি অবৈধ মজুদ সার উদ্ধার, জরিমানা ১ লাখ টাকা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬ এএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরভূরুংগামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মোঃ বেলাল মিয়া ও মোঃ মানিক উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক আভিযানিক দল। অভিযানে তাদের গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলা থেকে ৪২টি বস্তায় মোট ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

অভিযানে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সমন্বয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তরা স্থানীয় সার ডিলারদের কাছ থেকে অসাধু উপায়ে বিপুল পরিমাণ সার সংগ্রহ করে মজুদ করেছিলেন। এতে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উপজেলার সার বিতরণ প্রক্রিয়ার ওপর পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কেউ যেন সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে লাভবান হতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments