👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ আগষ্ট ২০২৬, ১২:৫৩ পিএম
ভূরুংগামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক এনামুল হক অন্তর ভূরুংগামারী উপজেলার উত্তর তিলাই বিএসসি পাড়ার মো. ময়েন আলীর ছেলে। গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় ভারতীয় চোরাই মোবাইলের কেনাবেচা হয়ে আসছিল। দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে রংপুর ও ঢাকা থেকে ব্যবসায়ীরা এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫৫টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুংগামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

0 Comments