Ticker

6/recent/ticker-posts

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা, জনপ্রিয়তাকে গুরুত্ব দিতে তারেক রহমানের নির্দেশ


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম



নিজস্ব প্রতিবেদক | ঢাকা

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ দায়িত্ব প্রথমে থানা ও উপজেলা পর্যায়ের নেতাদের ওপর ন্যস্ত থাকবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর জেলা ও মহানগরের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রথমে থানা ও উপজেলা নেতারা পালন করবেন। কোনো বিষয়ে মতবিরোধ বা জটিলতা সৃষ্টি হলে জেলা নেতারা তা সমাধানের চেষ্টা করবেন। জেলা পর্যায়েও সমাধান না হলে বিভাগীয় নেতারা উদ্যোগ নেবেন। সর্বশেষ প্রয়োজন হলে কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তারেক রহমান নেতাদের উদ্দেশে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয়ভাবে একটি গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। অতীতের মতো বিদ্রোহী প্রার্থী বা অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি বিশেষভাবে সতর্ক করেন।

সভায় আরও জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় প্রতীক নিয়ে অংশ নেবে না। তবে তৃণমূল পর্যায়ে নেতারা যদি একক প্রার্থী নির্ধারণ করতে পারেন, তাহলে দলগতভাবে সেই প্রার্থীকেই সমর্থন দেওয়া হবে।

বৈঠকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঝুলে থাকা সাংগঠনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তবে তড়িঘড়ি করে কমিটি গঠন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি বা অন্য দলের অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া যাবে না। একই সঙ্গে তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনার নির্দেশনাও দেন তিনি।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক জানান, স্থানীয় পর্যায়ের সব ধরনের কোন্দল ও ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান। তিনি আরও বলেন, দল ও সরকার যাতে কোনো প্রশ্নের মুখে না পড়ে, সে লক্ষ্যে এখন থেকেই দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, লালমনিরহাট জেলা বিএনপির এক নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকেই প্রার্থী নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে কেন্দ্র থেকে কোনো চাপ থাকবে না। সংগঠনকে শক্তিশালী করাই বর্তমানে দলের প্রধান লক্ষ্য।

এদিকে, একই দিন রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments