Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের ভোগডাঙার মোল্লাপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন, সচেতনতা বাড়াতে আলোচনা সভা


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৫:২৪ পিএম


কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ-যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এলাকাকে মাদকমুক্ত রাখতে একটি মাদকবিরোধী কমিটিও গঠন করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মাদক একটি পরিবারের সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। মোল্লাপাড়ার এই উদ্যোগ সারা জেলায় একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোগডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামকে মাদকমুক্ত রাখতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার সাবেক আমির আব্দুল মতিন ফারুকী উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে মাদকবিরোধী কার্যক্রমে নবগঠিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা জানান, তারা মোল্লাপাড়া এলাকায় মাদক কেনাবেচা ও সেবন প্রতিরোধে নিয়মিত নজরদারি চালাবেন। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য স্থানীয় প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন।

আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে মোল্লাপাড়ায় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে।

Post a Comment

0 Comments