Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে বাসে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১:০৭ পিএম


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে বাসে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস শ্রমিকরা। এ সময় জেলার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে বাস শ্রমিকরা একাধিক বাস সড়কে আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন। পরে রাত ১১টার দিকে পুলিশ ও বাস মালিকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকাগামী মা নাদিয়া পরিবহনের একটি বাস ভুরুঙ্গামারী উপজেলা থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রাম শহরের উদ্দেশ্যে আসছিল। পথে ধরলা সেতু এলাকায় কুড়িগ্রাম বাণিজ্য মেলা থেকে বের হওয়া ৫ থেকে ৭ জন যুবক বাসটি থামানোর চেষ্টা করেন। তবে বাসটি না থামিয়ে ধরলা সেতু পার হয়ে টোল প্লাজায় পৌঁছালে ওই যুবকেরা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

শ্রমিকদের অভিযোগ, এরপর শহরের রিভার ভিউ মোড় এবং জেলা শিল্পকলা একাডেমির সামনে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

এ ঘটনার প্রতিবাদ এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাস শ্রমিকরা শাপলা চত্বরে সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে কুড়িগ্রাম-রংপুরসহ জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে পুলিশ ও বাস মালিকপক্ষ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলে রাত ১১টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Post a Comment

0 Comments