👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের গাগলা এগারোমাথা দারুল উলূম নূরানী হাফিজী কওমী মাদরাসার স্থায়ী মুহতামিম হিসেবে প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আমিনুল ইসলাম হাফিয-কে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) বাদ আসর অনুষ্ঠিত মাদরাসার পরিচালনা পরিষদের মজলিসে আমেলার জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
জানা যায়, মাওলানা আমিনুল ইসলাম হাফিয ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তাঁর দক্ষ নেতৃত্বে মাদরাসার ইলমি পরিবেশের উন্নয়ন, সুশৃঙ্খল প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তাঁর নিষ্ঠা, আমানতদারিতা, প্রজ্ঞা ও সফল নেতৃত্ব পরিচালনা পরিষদ, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক আস্থা সৃষ্টি করেছে। সেই আস্থার ভিত্তিতেই তাঁকে প্রতিষ্ঠানের স্থায়ী মুহতামিম হিসেবে মনোনীত করা হয়েছে।
সভা শেষে পরিচালনা পরিষদের প্রতিনিধিদের একটি দল তাঁর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান এবং স্থায়ী মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। তিনি প্রতিনিধিদলের আহ্বান সানন্দে গ্রহণ করেন।
পরে বাদ মাগরিব তাঁকে গাগলা এগারোমাথা দারুল উলূম নূরানী হাফিজী কওমী মাদরাসায় নিয়ে আসা হলে শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য এবং অসংখ্য শুভানুধ্যায়ী ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার প্রসারের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন।
পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মাওলানা আমিনুল ইসলাম হাফিযের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে গাগলা এগারোমাথা দারুল উলূম নূরানী হাফিজী কওমী মাদরাসা দ্বীনি শিক্ষা, আদর্শ গঠন ও সমাজসেবায় আরও সমৃদ্ধ ও অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।

0 Comments