Ticker

6/recent/ticker-posts

আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতাদের জুলাই পদযাত্রা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম


জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে সারা দেশের মতো কুড়িগ্রামেও আগামীকাল (বুধবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত জেলা এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, আগামীকাল বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। পদযাত্রায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, এমপি।

তিনি আরও জানান, পদযাত্রাটি কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই চত্বর থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির লক্ষ্য হলো সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা।

এদিকে কর্মসূচি সফল করতে ইতোমধ্যে কুড়িগ্রাম জেলাজুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মোটরসাইকেল শোভাযাত্রাসহ সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্যসচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা পারভীন এবং যুবশক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান মাসুদ।

Post a Comment

0 Comments