👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৪:২৫ পিএম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সবুজ ফাঙ্গাস (ছত্রাক) পড়া পচা বনরুটি বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে শিক্ষা বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করা হয়। তবে বিতরণের সময় শিক্ষকরা রুটির ওপর সবুজ ফাঙ্গাস দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ বন্ধ করে দেন। বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা বিদ্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন।
অভিভাবকদের অভিযোগ, কোমলমতি শিশুদের জন্য নিম্নমানের ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবার সরবরাহ করা চরম দায়িত্বহীনতার পরিচয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সরবরাহকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অভিভাবক মাসুদ রানা পচা বনরুটিসহ উপজেলা শিক্ষা অফিসে গিয়ে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলামকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের হোসেনকে ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুলসুম বেগম বলেন, "রুটিতে ফাঙ্গাস দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিতরণ বন্ধ করে দিই এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। শিক্ষার্থীদের কোনো ঝুঁকিতে পড়তে দেওয়া হয়নি।"
তদন্ত শেষে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের হোসেন জানান, "ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষার্থীদের জন্য ফাঙ্গাস পড়া বনরুটি সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।"
এদিকে, শিশুখাদ্য পরিবেশনকারী সংস্থা ESDO-এর স্থানীয় প্রতিনিধি মনজু আলম বলেন, বনরুটির মেয়াদ থাকলেও কীভাবে এতে সবুজ ফাঙ্গাস পড়েছে, তা তিনি নিশ্চিত নন। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।
ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকরা ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য স্কুল ফিডিং কর্মসূচিতে খাদ্যের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

0 Comments